ক্যাশলেস লেনদেনকে আরও জনপ্রিয় করা এবং ‘এক দেশ এক কিউআর’ উদ্যোগের আওতায় বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের যৌথ আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা কিউআর মেলা ২০২৬’

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের প্রধান ও নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া। অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খানসহ বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করা হয়। পাশাপাশি বিভিন্ন স্টলে অংশ নেওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা বাংলা কিউআরের মাধ্যমে ক্রেতাদের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করেন। এ ছাড়া আয়োজিত মতবিনিময় সভায় অতিথি ও ক্ষুদ্র উদ্যোক্তারা বাংলা কিউআরের সুবিধা ও ব্যবহার নিয়ে মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. হানিফ মিয়া বলেন, ১ জুলাই থেকে ‘এক দেশ এক কিউআর’ নীতির আওতায় সর্বত্র বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআরের মাধ্যমে নিরাপদ ও সহজে লেনদেন করা যাচ্ছে।

এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ক্যাশলেস ইকোসিস্টেম শুধু আধুনিক পেমেন্ট ব্যবস্থা নয়, এটি আর্থিক অন্তর্ভুক্তি, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভিত্তি। তিনি জানান, দেশজুড়ে শাখা ও উপশাখার মাধ্যমে ব্যাংকটি ক্ষুদ্র ও বড় সব ধরনের মার্চেন্টের কাছে স্বল্প খরচে বাংলা কিউআর পৌঁছে দিতে এবং এর ব্যবহার বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।