ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠলে তা সংশ্লিষ্ট চাকরিবিধি অনুযায়ী সর্বোচ্চ দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে রোববার (২৬ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ২০০৫ সালে জারি করা নির্দেশনার আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ উঠলে তা সর্বোচ্চ দুই মাসের মধ্যে তদন্ত ও নিষ্পত্তি করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ তদন্ত ও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার সুযোগ কমবে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত হবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, নতুন এ নির্দেশনা ব্যাংকিং খাতে জবাবদিহিতা, সুশাসন ও পেশাদারিত্ব আরও শক্তিশালী করতে সহায়ক হবে। একই সঙ্গে ব্যাংকগুলোর মানবসম্পদ ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষা এবং অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে।

সার্কুলারে আরও বলা হয়েছে, সংশোধিত নির্দেশনা শিগগিরই কার্যকর হবে। তবে এ পরিবর্তন ছাড়া ২০০৫ সালে জারি করা মূল সার্কুলারের অন্যান্য নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।