বলিউড তারকা আমির খান আগামী ৫ জুলাই দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন। মুম্বাইয়ে নিজের বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার একটি চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৬১ বছর বয়সী এই অভিনেতা বলেন, এটি তাঁদের জীবনের একটি বিশেষ দিন এবং নতুন পথচলার জন্য সবার ভালোবাসা ও আশীর্বাদ কামনা করেন।
গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করেন আমির। তিনি জানান, প্রায় ২৫ বছরের পরিচয় থেকে তাঁদের সম্পর্কের শুরু।
এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রিনা দত্ত ও পরে কিরণ রাওকে বিয়ে করেছিলেন। দুই সম্পর্কই বিচ্ছেদে শেষ হলেও সন্তানদের দায়িত্ব পালনে সাবেক স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি।