আগামী ৪ থেকে ১৭ নভেম্বর রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬। সাতটি দক্ষিণ এশীয় দেশের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার (২৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।
নতুন লোগোটি ফুটবলের আদলে তৈরি করা হয়েছে। এতে সৃজনশীল নকশার মাধ্যমে ‘২৬’ সংখ্যাটি ফুটিয়ে তোলার পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও ক্রীড়া চেতনাকে তুলে ধরা হয়েছে। জাতীয় পতাকার লাল-সবুজ রঙের পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগারের ডোরাকাটা নকশা শক্তি, সাহস ও জয়ের প্রত্যয়কে প্রতীকায়িত করেছে।
লোগোতে স্থান পেয়েছে দেশের ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, কান্তজীউ মন্দির, ষাট গম্বুজ মসজিদ, জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় সংসদ ভবন। এছাড়া ঐতিহ্যবাহী আলপনা, পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীর তাঁতের ‘থামি’ নকশা, সুন্দরবন, কক্সবাজার সমুদ্রসৈকত, জাতীয় ফুল শাপলা এবং চট্টগ্রামের পার্বত্ঞ্লরপ্রতীকী উপস্থাপনও রয়েছে
।
লোগো উন্মোচন অনুষ্ঠানে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টাল বলেন, এই নকশার মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য, বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং ফুটবলের প্রাণশক্তিকে একসঙ্গে তুলে ধরা হয়েছে। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।




















