বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। দুর্গত এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা বিবেচনায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন পরীক্ষার সূচি জানিয়ে দেওয়া হবে।
মাহদী আমিন জানান, বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থা মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।





















