
বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং সড়ক যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের সমস্যা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষা স্থগিত থাকবে। সংশোধিত পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য বোর্ডভুক্ত পরীক্ষাও নির্ধারিত সময়সূচি অনুসারে চলবে।
উল্লেখ্য, বন্যা পরিস্থিতির কারণে এর আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

























