জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আলোচিত মাদক কারবারি মোছাঃ হালিমা বেগম (৪০)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত হালিমা বেগম জীবননগর উপজেলার ধান্যখোলা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেন কটার মেয়ে এবং মোঃ কবির হোসেনের স্ত্রী।
আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। নির্ধারিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং বিচার বিভাগের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এ রায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি মাদক ব্যবসা ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে।



















