চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপের কাউন্টডাউন: জীবননগরে প্রস্তুতি ম্যাচ
চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর সেই প্রস্তুতির অংশ হিসেবে জীবননগর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রস্তুতি ম্যাচ।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টায় মাঠে মুখোমুখি হয় জীবননগর উপজেলা একাদশ ও জীবননগর পৌর একাদশ। ম্যাচটি শুধু একটি প্রীতি লড়াই নয়, বরং আসন্ন জেলা প্রশাসক গোল্ডকাপে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড় বাছাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ।
খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সুমাইয়া সুলতানা অ্যানি। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মামুনুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শাহাজাহান কবির, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন মোড়ল, কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার, মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, ক্রীড়া সংস্থার সদস্য শফিকুল ইসলাম, সাবেক ফুটবলার সাইদুর, ঈদবারি, ফরিদসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতেই জেলা প্রশাসক গোল্ডকাপে অংশ নেওয়া উপজেলা ও পৌরসভা দলের খেলোয়াড় নির্বাচন অনেকটাই চূড়ান্ত করা হবে।
জানা গেছে, চুয়াডাঙ্গার জাফরপুর নতুন স্টেডিয়ামে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৭০ হাজার টাকা পুরস্কার।
গত ২২ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ ও জেলা প্রশাসক লুৎফুন নাহার এই পুরস্কারের ঘোষণা দেন। প্রস্তুতি ম্যাচটি পরিচালনা করেন শফিকুন্নবী রিয়ান। আর মাঠের উত্তেজনা দর্শকদের কাছে পৌঁছে দেন ধারাভাষ্যকার ইসলাম রকিব।
স্থানীয় ক্রীড়াঙ্গনের প্রত্যাশা, জেলা প্রশাসক গোল্ডকাপ শুধু প্রতিযোগিতাই নয়, নতুন ফুটবলার খুঁজে বের করারও একটি কার্যকর মঞ্চ হয়ে উঠবে। সেই লক্ষ্যেই মাঠে শুরু হয়েছে প্রতিভা যাচাইয়ের এই লড়াই

















