রিপোর্ট ,আলমডাঙ্গা অফিস| রানা আফান্দী:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর আসাননগর গ্রামে রাইস কুকারের প্লাগ বৈদ্যুতিক বোর্ডে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত (রোববার) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সাহারন খাতুন (৪৫)। তিনি আসাননগর গ্রামের স্থানীয় বাসিন্দা কৃষক মাসুদ আলীর স্ত্রী।
স্থানীয় ও পরিবার সদস্যরা জানান , দীর্ঘদিন ধরে গৃহস্থালির কাজকর্ম সামলে আসছিলেন এবং প্রতিদিনের মতোই সেদিনও সংসারের দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন। রবিবার সকালে নিত্যদিনের অভ্যাস অনুযায়ী পরিবারের সদস্যদের জন্য ভাত রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন সাহারন খাতুন। রাইস কুকারে চাল ও পানি দিয়ে তিনি ঘরের বৈদ্যুতিক বোর্ডে প্লাগ সংযোগ দিতে যান। এ সময় দীর্ঘদিনের জীর্ণ বোর্ডটি হঠাৎ ভেঙে খুলে তার হাতের সঙ্গে জড়িয়ে যায় , ফলে তিনি সরাসরি বিদ্যুৎস্পৃষ্ট হন।
আকস্মিক এই ঘটনায় তিনি ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরের মেঝেতে হাতের সঙ্গে বৈদ্যুতিক তার জড়ানো অবস্থায় নিস্তেজ পড়ে থাকতে দেখতে পান। তারা দ্রুত এগিয়ে গিয়ে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত হন। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন , বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে পরিবারের আবেদনের ভিত্তিতে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান , এলাকার অনেক ঘরে পুরনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন ও বোর্ড ব্যবহৃত হচ্ছে , যা থেকে যেকোনো সময় এমন দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এ ঘটনার পর সচেতন মহল ঘরে ঘরে বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করে সংস্কারের আহ্বান জানিয়েছেন।









