দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স জনপ্রতি ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে। সরকার অনুমোদন দিলে ২০২৭ সালের হজ মৌসুম থেকেই এই সেবায় যুক্ত হতে চায় প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১৪ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে ইউএস-বাংলা জানায়, স্বল্প আয়ের ধর্মপ্রাণ মুসলমানদের হজযাত্রার ব্যয় কমাতে তারা সব ধরনের সরকারি শর্ত মেনে জনপ্রতি ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় হজ ফ্লাইট পরিচালনা করতে প্রস্তুত। তবে এই ভাড়ার সঙ্গে ট্যাক্স, অন্যান্য চার্জ ও এজেন্সি কমিশন অন্তর্ভুক্ত নয়।
উল্লেখ্য, চলতি বছরের হজে জনপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা, যা হজ প্যাকেজের মোট ব্যয়ের একটি বড় অংশ। সে তুলনায় ইউএস-বাংলার প্রস্তাব বাস্তবায়িত হলে বিমান ভাড়ায় উল্লেখযোগ্য সাশ্রয়ের সুযোগ তৈরি হতে পারে।
বর্তমানে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া এবং ফ্লাইনাস অংশ নিয়ে থাকে। ইউএস-বাংলা যুক্ত হলে এ খাতে প্রতিযোগিতা বাড়বে এবং এর সুফল হজযাত্রীরা পেতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকেই ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হতে পারে।

























