
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার বিকেলে জাতীয় সংসদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
স্পিকার হাফিজ উদ্দিন জানান, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র তার কাছে জমা দিয়েছেন এবং তা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি আরও জানান, স্পিকার হিসেবে শপথ গ্রহণের সময়ই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথ নেওয়া ছিল। তাই প্রয়োজন অনুযায়ী তিনি সেই শপথের ভিত্তিতেই দায়িত্ব পালন করবেন। একইভাবে ডেপুটি স্পিকারও স্পিকারের দায়িত্ব পালনের জন্য শপথ নিয়ে থাকেন বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদার এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্পিকারের উদ্দেশে দেওয়া পদত্যাগপত্রে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানান, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় তিনি দীর্ঘদিন ধরে ভুগছেন। সম্প্রতি তার শরীরে Autonomic Neuropathy রোগ শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝে মাঝে সাময়িকভাবে অচেতন হয়ে পড়েন। এসব শারীরিক ও মানসিক সীমাবদ্ধতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
























