আলমডাঙ্গা অফিসঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে সামারি ট্রায়ালে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড , ৫০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল (শনিবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাউসপুর ব্রিজ-সাদা ব্রিজ সড়কের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার যুবক হলেন , আলমডাঙ্গা উপজেলার চরপাড়া গ্রামের মৃত হাকিমের ছেলে মো. জিয়ারুল ইসলাম (২৩)।
পুলিশ জানায় , আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাউসপুর গ্রামের ফিরোজ আলীর ফার্নিচারের দোকানের সামনে থেকে জিয়ারুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় রোববার তাকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন , ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে আদালত উল্লিখিত দণ্ডাদেশ দেন। আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড , ৫০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন , মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। মাদক কারবার, বহন, সংরক্ষণ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।










