জীবননগর অফিস-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দুই কৃষকের প্রায় ১০ কাঠা জমির ফলন্ত পেঁপে ও মরিচ গাছ কেটে সাবাড় করে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গত শনিবার (১ আগস্ট) দিবাগত রাতের কোনো একসময়ে উপজেলার কেডিকে ইউনিয়নের কাশীপুর গ্রামের বাজার পাড়ার মাঠে এই ঘটনা ঘটে। রোববার (৩ আগস্ট) সকালে ক্ষতিগ্রস্ত কৃষকরা মাঠে গিয়ে এই দৃশ্য দেখতে পান।ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন— কাশীপুর গ্রামের মৃত আবুল কাশেমের দুই ছেলে ফেরদৌস (৫৫) ও শাহিন আলম ওরফে ফকির বিশ্বাস (৪২)। দুর্বৃত্তদের এমন নৃশংসতায় ওই দুই ভাইয়ের প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে দুই ভাই মিলে নিজেদের জমিতে পেঁপে ও মরিচের চাষ শুরু করেন। কঠোর পরিশ্রমে গাছগুলোতে বেশ ভালো ফলনও এসেছিল। আর মাত্র কয়েকদিন পরেই গাছ থেকে পেঁপে তুলে বাজারে বিক্রি করার কথা ছিল। কিন্তু গত শনিবার রাতে কে বা কারা ওই জমির প্রায় ৫ কাঠা এলাকার পেঁপে গাছ এবং ৫ কাঠা এলাকার মরিচ গাছ গোড়া থেকে কেটে রেখে যায়। রোববার সকালে স্থানীয় লোকজন জমির পাশ দিয়ে যাওয়ার সময় গাছগুলো কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে ভুক্তভোগীদের খবর দেন।কৃষক ফেরদৌস ও শাহিন আলম ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সকালে জমিতে এসে দেখি আমাদের সব শেষ হয়ে গেছে। প্রায় ১০ কাঠা জমির পেঁপে ও মরিচ গাছ কেটে সাবাড় করে দেওয়া হয়েছে। গাছগুলোতে ফল চলে এসেছিল। আমাদের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। আমরা এই অন্যায়ের বিচার চাই।”এদিকে ঘটনাটি জানাজানি হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগী দুই ভাইয়ের পক্ষ থেকে জীবননগর থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, “বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।















