জীবননগর অফিস-
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে আজ সোমবার (০৩ আগস্ট ২০২৬) জীবননগর উপজেলার পিয়ারাতলা (মনোহরপুর) এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।সকাল ১২টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে টয়লেট্রিজ সামগ্রী উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে দেখা যায়, জনাব মো. মাসুদ রানার মালিকানাধীন হেনা কনজুমার প্রোডাক্টস যথাযথ লাইসেন্স ছাড়া এবং মিথ্যা তথ্য প্রদান করে হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট ও টায়ার জেলসহ বিভিন্ন ধরনের টয়লেট্রিজ সামগ্রী উৎপাদন ও বাজারজাত করে আসছে।এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত দাখিলের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়।অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং র্যাব, মেহেরপুরের একটি টিম।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।















