ঝিনাইদহে ডিআইজি, খুলনা রেঞ্জের জেলা পরিদর্শন
গাছের চারা বিতরণ, কল্যাণ সভা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি:
খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ঝিনাইদহ জেলা পরিদর্শন করেছেন। সোমবার (৩ আগস্ট) জেলা সফরকালে তিনি জেলা পুলিশের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, পুলিশ সদস্যদের কল্যাণ এবং জনবান্ধব পুলিশিং আরও কার্যকর করতে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন।
সফরের শুরুতে ডিআইজি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে তিনি ঝিনাইদহ পুলিশ লাইন্স প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
এরপর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও মতামত মনোযোগ দিয়ে শোনেন। তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার পাশাপাশি জনগণের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা।
পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন ডিআইজি। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, গুজব ও অপপ্রচার মোকাবিলা, সাইবার সচেতনতা বৃদ্ধি এবং সাংবাদিক-পুলিশের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সফরের শেষ পর্যায়ে জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশ পরিদর্শকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্রাইম কনফারেন্সে সভাপতিত্ব করেন ডিআইজি। তিনি জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করে মাদক, চোরাচালান, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং মামলা নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি প্রযুক্তিনির্ভর ও গোয়েন্দা তথ্যভিত্তিক পুলিশি কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ, সেবার মানোন্নয়ন এবং প্রতিটি অভিযোগে দ্রুত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালনই বাংলাদেশ পুলিশের প্রধান অঙ্গীকার।















