
আলমডাঙ্গা ব্যুরো| রানা আফান্দীঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিন ঘণ্টা পর ময়জান খাতুন (৭৪) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার (৩১ আগস্ট), দুপুর ২টার দিকে উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর মোল্লাপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে মহেশপুর ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ময়জান খাতুন মহেশপুর এলাকার মৃত আকবার আলীর স্ত্রী। স্থানীয়রা জানান , দুপুরে নদীতে গোসল করতে নামেন ময়জান খাতুন। গোসলের একপর্যায়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যান তিনি। পরে স্থানীয়রা নদীতে নেমে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
তিন ঘণ্টা পর বিকেল ৫টার দিকে মহেশপুর ঘাট এলাকায় নদীতে তাঁর মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি শনাক্ত করার পর পুলিশে খবর দেন। পরে আলমডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের মধ্যেও নেমে আসে শোকের ছায়া।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন , মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


















