
আলমডাঙ্গা ব্যুরো| রানা আফান্দীঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন সহকারী শিক্ষককে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বদলি করা হয়েছে। বিদ্যালয়গুলোর শূন্যপদ পূরণ ও শিক্ষকসংকট কমাতে এ বদলি দেওয়া হয়।
গতকাল (সোমবার) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি নিয়ে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
বদলি হওয়া শিক্ষকরা হলেন , নতিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু জাহিদ। তাঁকে কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিনা আক্তারকে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহীনুর ইসলামকে গড়চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন , একাডেমিক সুপারভাইজার মো. ইমরুল কায়েস , আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন ও প্রভাষক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায় , সরকারি নির্দেশনা অনুযায়ী চলতি মাসে দ্বিতীয় দফায় উপজেলার অভ্যন্তরে সহকারী শিক্ষকদের বদলির জন্য এ সভা করা হয়। সভায় শিক্ষকদের করা আবেদন যাচাই-বাছাই শেষে সরকারি নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে , সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩১ আগস্ট উপজেলা শিক্ষা অফিস থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে তিন শিক্ষককে তাঁদের নামের পাশে উল্লেখ করা বিদ্যালয়ের শূন্যপদে নিজ বেতন ও বেতনস্কেলে বদলি করা হয়।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে , বিদ্যালয়গুলোর শিক্ষকসংকট কমানো এবং পাঠদানের পরিবেশ স্বাভাবিক রাখতেই এ বদলি করা হয়েছে।


















