
রিপোর্ট , আলমডাঙ্গা অফিস | রানা
আফান্দীঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক কারবার নিয়ন্ত্রণের অভিযোগে ইমদাদুল হক (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশেষ যৌথ অভিযানে উপজেলার কেশবপুর গ্রামের হাওড়ের মাঠ থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।গ্রেফতার ইমদাদুল হক আলমডাঙ্গা হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , চুয়াডাঙ্গা , আলমডাঙ্গার কেশবপুর , লক্ষ্মীপুর , প্রাগপুর , ওসমানপুর , হাটবোয়ালিয়া , বড়বোয়ালিয়া , আসাননগর ও মানিকদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার একটি চক্র সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। ওই চক্রের সঙ্গে ইমদাদুল ও তার সহযোগীদের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ , সীমান্তঘেঁষা এলাকার সুযোগ কাজে লাগিয়ে এসব এলাকায় বিভিন্ন ধরনের মাদক আনা-নেওয়া ও কেনাবেচা হয়ে আসছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে মাদকসেবী ও খুচরা বিক্রেতাদের গ্রেফতার করলেও কথিত বড় কারবারিরা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যেতেন।
পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে ইমদাদুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার বিশেষ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
ইমদাদুল গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দেয়। তাদের দাবি , দীর্ঘদিনের মাদক কারবারের কারণে এলাকার পরিবেশ ও তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
এ বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন , পুলিশ ইমদাদুলকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


















