
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোঃ তছিম উদ্দিন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে তাকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোঃ তছিম উদ্দিন দর্শনা থানার সদাবরী হাইস্কুলপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তার মায়ের নাম মোছাঃ অফেলা খাতুন।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দর্শনা থানার এসআই মোল্যা আরিফুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত তছিম উদ্দিন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের একজন কর্মী এবং দুষ্কৃতিকারী হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডকে সমর্থন ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে তিনি বিভিন্ন সময় লোকজন নিয়ে একত্রিত হন এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান ও মিছিলের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ পুলিশের।
পুলিশ আরও জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে পুলিশের এসব অভিযোগের বিষয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তি বা তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও আইনগত দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।


















