
আলমডাঙ্গা অফিসঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাদের সংক্ষিপ্ত বিচারের সামারি ট্রায়াল জন্য আদালতে পাঠানো হয়েছে।
গত (মঙ্গলবার), সন্ধ্যা পৌনে ৬টার দিকে পাইকপাড়া গ্রামের ঘোষপাড়া তিনরাস্তার মোড় ও পারকুলার মুদি দোকানে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন , উপজেলার পাইকপাড়ার মতিয়ার রহমানের ছেলে মো. হোসাইন ইসলাম (১৯) এবং আরশেদ আলীর ছেলে মো. হাফিজুর রহমান ওরফে আলামিন (১৯) পারকুলা গ্রামের আকবর আলীর ছেলে রফিকুল (৩৫)।
আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে দুটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন রাতে আরেকটি অভিযানে পাইকপাড়া পারকুলা আবাসন এলাকার বোরহান উদ্দিনের মুদি দোকানের সামনে থেকে পারকুলার মৃত আলী আকবরের ছেলে মো. রফিকুল ইসলামকে আটক করা হয়। তখন তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার গ্রেফতার তিনজনকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত বিচারের জন্য পাঠানো হয়েছে। আইনে নির্দিষ্ট কিছু অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান , মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। যারা মাদক কারবার , বহন , সংরক্ষণ বা সেবনের সঙ্গে জড়িত , তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।



















