
বশিরুল আলম, আলমডাঙ্গা অফিস :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কৃতী সন্তান, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. সাহিদুজ্জামান টরিক আবারও এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য তাঁর পুনর্নির্বাচন চুয়াডাঙ্গার ব্যবসায়ী, উদ্যোক্তা ও প্রবাসী সমাজে নতুন করে গর্ব ও আনন্দের সঞ্চার করেছে।
দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক সক্ষমতা ও দূরদর্শী চিন্তার মাধ্যমে সাহিদুজ্জামান টরিক ইতোমধ্যে দেশ-বিদেশে নিজস্ব একটি অবস্থান তৈরি করেছেন। দেশের অর্থনীতি, শিল্প-বাণিজ্য এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা এই উদ্যোক্তার পুনর্নির্বাচন তাঁর প্রতি সংগঠনের সদস্যদের আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের মাটিতে বেড়ে ওঠা সাহিদুজ্জামান টরিক ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে সম্পৃক্ত। তাঁর নেতৃত্বে সাহিদ গ্রুপ বিভিন্ন খাতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে।
এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদে তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশি ও দেশের ব্যবসায়ী-উদ্যোক্তা সমাজের মধ্যে আরও কার্যকর সেতুবন্ধন তৈরি হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা।
চুয়াডাঙ্গার সন্তান হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাহিদুজ্জামান টরিকের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো চুয়াডাঙ্গাবাসীর জন্যও গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ, ব্যবসায়িক সহযোগিতা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা তৈরি হবে—এমন প্রত্যাশাই এখন চুয়াডাঙ্গাবাসীর।
সাহিদুজ্জামান টরিকের এই পুনর্নির্বাচন যেন চুয়াডাঙ্গার মাটি থেকে আন্তর্জাতিক অঙ্গনে উঠে আসা এক সফলতার নতুন অধ্যায়—এমনটাই মনে করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।



















