
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর পূর্বমাঠ এলাকায় একটি গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে জীবননগর থানায় লিখিত অভিযোগ করেছেন গভীর নলকূপের সংশ্লিষ্ট ব্যক্তি মো. রশিদুল হক (৫৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, গঙ্গাদাসপুর পূর্বমাঠ এলাকায় কৃষিজমিতে সেচ দেওয়ার জন্য বিএডিসির একটি বিদ্যুৎচালিত গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। গভীর নলকূপটির বিদ্যুৎ মিটার নম্বর ১৫৪৮৯৮৫১ এবং হিসাব নম্বর ১০৩০০৬৬৪৫৩৪৬০।
গত ৯ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে প্রতিদিনের মতো সেচ কার্যক্রম শেষ করে গভীর নলকূপের ঘরটি তালাবদ্ধ করে বাড়িতে চলে যান মো. রশিদুল হক। পরদিন ১০ জুলাই সকাল আনুমানিক ৬টার দিকে সেখানে গিয়ে তিনি দেখতে পান, গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার নেই। ঘটনাস্থলে ট্রান্সফরমারের খোলস পড়ে থাকলেও ভেতরে থাকা বৈদ্যুতিক তার ও অন্যান্য মূল্যবান অংশ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।অভিযোগে তিনটি ট্রান্সফরমারের আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।
ট্রান্সফরমার চুরির কারণে ওই গভীর নলকূপের ওপর নির্ভরশীল এলাকার কৃষকদের প্রায় ১২০ বিঘা জমির সেচ কার্যক্রম চরম হুমকির মুখে পড়েছে বলে অভিযোগকারী জানিয়েছেন।
মো. রশিদুল হক বলেন, রাতের আঁধারে এলাকার কৃষকদের অনুপস্থিতির সুযোগ নিয়ে অজ্ঞাতনামা চোর বা চোরেরা কৌশলে ট্রান্সফরমারগুলো চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে বিএডিসির দামুড়হুদা অফিস ও পল্লী বিদ্যুৎ জীবননগর অফিসকে মৌখিকভাবে জানান। পরে খোঁজখবর নিয়ে জীবননগর থানায় লিখিত অভিযোগ করেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।



















