
রিপোর্ট,আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগে মো. সবুজ শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গা পৌর ভূমি অফিস কার্যালয়ে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর শহরের বাগানপাড়া এলাকার কাছেদ আলীর ছেলে।
ভূমি অফিস সূত্রে জানা যায় , আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম. শাহনেওয়াজ মেহেদী ওই সময় নামজারি ও ভূমি-সংক্রান্ত সেবা দিতে অফিসে বসেছিলেন। এ সময় সবুজ শেখ সাংবাদিক পরিচয় দিয়ে অফিসে প্রবেশ করেন এবং সাংবাদিকদের একটি সম্মেলন ও একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী কথা বলে টাকা দাবি করেন।
বিষয়টি সন্দেহজনক হলে সহকারী কমিশনার (ভূমি) তার সাংবাদিকতার পরিচয়পত্র ও কর্মরত গণমাধ্যম সম্পর্কে জানতে চান। কিন্তু তিনি কোনো নির্দিষ্ট গণমাধ্যমের পরিচয় দিতে পারেননি। পরবর্তীতে তিনি দি বাংলা ইন্ডিপেনডেন্ট (TBI) নামের একটি ফেসবুক পেজের পরিচয়পত্র দেখান। তবে কথিত পত্রিকার সম্পাদক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পর্কে তিনি কোনো প্রয়োজনীয় তথ্য দিতে পারেননি।
পরে ভূমি অফিস থেকে আলমডাঙ্গা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবুজ শেখকে আটক করে থানায় নিয়ে যায়। তার কাছ থেকে একটি সাংবাদিকতার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সিনিয়র সাংবাদিকরা জানান , সবুজ শেখ কোনো পেশাদার গণমাধ্যমের সাংবাদিক নন। এর আগেও তার বিরুদ্ধে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগ রয়েছে। তবে সেসব অভিযোগে কোনো মামলা বা আইনগত ব্যবস্থা হয়েছিল কি না , তা নিশ্চিত নয়।
নিজের পরিচয় সম্পর্কে সবুজ শেখ বলেন , স্বীকার করছি , আমি ভুয়া সাংবাদিক। আর কোনোদিন সাংবাদিক পরিচয় দেব না। কান ধরছি স্যার, আপনারা আমাকে এবারের মতো ছেড়ে দিন।
আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম. শাহনেওয়াজ মেহেদী বলেন , সরকারি অফিসে সাংবাদিক পরিচয়ে এসে চাঁদা দাবি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। দণ্ডবিধি , ১৮৬০-এর ১৮৬ ধারায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানায় , ভূমি অফিস থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সবুজ শেখকে আটক করে এবং আইনগত প্রক্রিয়ায় ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ঘটনায় তার এক সহযোগীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সাংবাদিকরা বলেন , ফেসবুক পেজ পরিচালনা করলেই কেউ সাংবাদিক হন না। সাংবাদিক পরিচয় ব্যবহার করে সরকারি অফিসে চাঁদা দাবি ও হয়রানির এ ধরনের কর্মকাণ্ডে পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তারা প্রশাসনের পাশাপাশি সাংবাদিক সমাজকেও এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



















