
বশিরুল আলম, আলমডাঙ্গা অফিস:
মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শুরু হয়েছে ব্যতিক্রমী মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ১৯ হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে বিতরণ করা হচ্ছে মাদকবিরোধী সচেতনতামূলক শুভেচ্ছাপত্র।চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মাদক থেকে দূরে থাকার আহ্বান এবং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার বার্তা তুলে ধরা হয়েছে শুভেচ্ছাপত্রে।উদ্যোক্তারা জানান, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের সবচেয়ে কার্যকর পথ হলো পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই সচেতনতা তৈরি করা। বিশেষ করে কৈশোর ও তারুণ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে অনেকটাই দূরে রাখা সম্ভব।
প্রায় ১৯ হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। তাদের মতে, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই নয়, প্রয়োজন সামাজিক আন্দোলন ও পারিবারিক সচেতনতা। এ ধরনের উদ্যোগ সেই সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
শুভেচ্ছাপত্রে শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার পাশাপাশি বন্ধু নির্বাচন, পারিবারিক বন্ধন ও নৈতিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব ও মানসিক পরিবর্তনের বিষয়ে নজর রাখার অনুরোধ করা হয়েছে।উদ্যোক্তা মোমিন মালিতা বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাদের মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সচেতনতার এই বার্তা প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
সচেতন মহল মনে করছে, শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছাপত্র তুলে দেওয়ার এই উদ্যোগ শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; বরং মাদকের বিরুদ্ধে পরিবার, শিক্ষার্থী ও সমাজকে একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। নিয়মিতভাবে এমন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হলে আলমডাঙ্গায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ আরও জোরদার হবে।



















