
বশিরুল আলম, আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মুরাদ হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচার আদালতে সামরী ট্রায়ালের মাধ্যমে তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) আলমডাঙ্গা থানা পুলিশের এসআই (নিঃ) মোঃ মনিরুল হক হাওলাদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ক্যাম্প এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন গোবিন্দপুর (মন্ডলপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মুরাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মুরাদ হোসেন গোবিন্দপুর (মন্ডলপাড়া) গ্রামের মৃত আক্কাচ আলীর ছেলে। পুলিশ জানায়, তার বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেট জব্দ তালিকামূলে জব্দ করে পুলিশ। গ্রেপ্তারের পর মুরাদ হোসেনকে সংক্ষিপ্ত বিচার আদালতে সামরী ট্রায়ালের জন্য প্রেরণ করা হয়। বিচার শেষে বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।



















