
চুয়াডাঙ্গার জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে পড়ে যাওয়ার পর প্রায় তিন ঘণ্টা গাড়ির নিচে আটকা ছিলেন চালক হযরত আলী (৩০)। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় ভেকুর সাহায্যে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার নারায়ণপুর-সুবলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।উদ্ধার হওয়া হযরত আলী জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া গ্রামের জুলহকের ছেলে।
উদ্ধার হওয়া চালক হযরত আলী জানান, দুপুর ১২টার দিকে নারায়ণপুর-সুবলপুর মোড়ে নিজের ট্রাক্টরটি পানি দিয়ে পরিষ্কার করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে সাইড দিতে গেলে তিনি ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যান। এতে ট্রাক্টরের নিচে আটকা পড়েন তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ভেকুর সাহায্যে প্রায় তিন ঘণ্টা পর ট্রাক্টরের নিচ থেকে হযরত আলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
জীবননগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খালিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধারের চেষ্টা শুরু করে। পরে ভেকুর সাহায্যে হযরত আলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তারা।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, দুপুরের দিকে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে চালক ট্রাক্টরের নিচে আটকা পড়েন। পরে প্রায় তিন ঘণ্টা পর তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।



















