
জীবননগর অফিস-
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পৃথক মাদকবিরোধী অভিযানে ১৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ৩৪ বোতল মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় টিটন রাসেল (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মেদিনীপুর বিওপির একদল বিজিবি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৩/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের শুকুর আলীর পুকুরের পাশ হতে তাকে আটক করেন।
আটককৃত টিটন রাসেল মেদিনীপুর গ্রামের আলিহিম মণ্ডলের ছেলে। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও জব্দকৃত মাদকদ্রব্যসহ সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ কর্মকা- রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।



















