বাংলাদেশ ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনার দায়িত্ব আবারও উদ্যোক্তা পরিচালকদের কাছে ফিরিয়ে দিয়েছে। বুধবার (১৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক ১২ জন উদ্যোক্তা পরিচালক ও দুইজন স্বতন্ত্র পরিচালককে নিয়ে ১৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, ২০২৪ সালের আগস্টে বিভিন্ন অনিয়মের অভিযোগে পুনর্গঠিত ১৬টি ব্যাংকের মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি এবং উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরিফ হোসেন খান বলেন, যেসব ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছিল, তাদের অনেকগুলোর উদ্যোক্তাদের খুঁজে পাওয়া যায়নি বা তারা কার্যকরভাবে দায়িত্ব নিতে পারেননি। তবে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হওয়ায় উদ্যোক্তা-নির্ভর নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যানের ভাই আব্দুস সামাদ লাবু। ২০২৪ সালের আগস্টে কেন্দ্রীয় ব্যাংক সেই পর্ষদ ভেঙে দিয়ে পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালনা পর্ষদ গঠন করে, যার চেয়ারম্যান ছিলেন খাজা শাহরিয়ার।
নতুন ১৪ সদস্যের পর্ষদে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ এবং কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদসহ মোট ১২ জন উদ্যোক্তা পরিচালক রয়েছেন। এছাড়া সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, এনায়েত উল্লাহ, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী ও কেওয়াই স্টিল মিলসের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিমও পর্ষদে অন্তর্ভুক্ত হয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের মতে, নতুন এই পর্ষদ ব্যাংকটির সুশাসন, জবাবদিহিতা এবং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।



















