কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারি বৃষ্টির কারণে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনায় নারী-শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১টা ১০ মিনিটে পালংখালীর ১৫ নম্বর জামতলী ক্যাম্পের একটি বসতঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে রোহিঙ্গা যুবক মোহাম্মদ কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) ও চার বছর বয়সী ছেলে মোহাম্মদ আনাস নিহত হন। উখিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে দুজন আহত ব্যক্তিকেও উদ্ধার করে।
এর কিছুক্ষণ পর রাজাপালংয়ের কুতুপালং ৭ নম্বর ক্যাম্পে পাহাড়ধসে মাটিচাপায় একরাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়।
রাত ৩টার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরেকটি পাহাড়ধসে উম্মে হাবিবা (২৭), তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রিহান (৫) ও হারুনুর রশিদ (৩) নিহত হন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
টানা বর্ষণের কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে সতর্ক করছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আরও অন্তত দুই দিন ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।




















