মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে দফায় দফায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী কিংবা অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগেও কয়েকদিন ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে। তবে বুধবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।





















