ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপে তিনি আর্জেন্টিনাকে সমর্থন করছেন। তবে এর কারণ লিওনেল মেসি নন; বরং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক।
বৃহস্পতিবার এক পডকাস্টে নেতানিয়াহু বলেন, চলতি বিশ্বকাপে তার সমর্থন আর্জেন্টিনার প্রতি। উপস্থাপক মেসির প্রসঙ্গ তুললে তিনি জবাব দেন, “না, মেসির আগে প্রেসিডেন্ট মিলেই।” তিনি মিলেইকে “সত্যিকারের সুপারস্টার” এবং “ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু” বলেও উল্লেখ করেন।
২০২৩ সালের শেষ দিকে ক্ষমতায় আসার পর থেকেই মিলেই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। তিনি প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন, তেল আবিব থেকে আর্জেন্টিনার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দিয়েছেন এবং হামাস ও হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও তার সরকার ধারাবাহিকভাবে ইসরায়েলপন্থি অবস্থান নিয়েছে।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই মন্তব্য ফুটবলের চেয়ে দুই নেতার রাজনৈতিক ঘনিষ্ঠতাকেই বেশি গুরুত্ব দিয়েছে।
এদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ষোলোর ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তবে ম্যাচটি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকা মিশরের বিপক্ষে শেষ মুহূর্তে তিন গোল করে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচে একাধিক রেফারিং সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে এবং মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিক অভিযোগও দাখিল করেছে।






















