
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের সেবা চালু করেছে। মঙ্গলবার (২২ জুলাই) থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থার আওতায় সাধারণ ব্যক্তিশ্রেণির সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫-২০২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ করদাতা অনলাইনে সফলভাবে রিটার্ন দাখিল করেছেন, যা ই-রিটার্ন ব্যবস্থার প্রতি করদাতাদের আস্থা ও আগ্রহের প্রতিফলন।
তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক চাইলে কাগজে (পেপার) রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া প্রযুক্তিগত জটিলতার কারণে ই-রিটার্ন দিতে না পারলে সংশ্লিষ্ট কর কমিশনারের অনুমোদন নিয়ে পেপার রিটার্ন দাখিলের সুযোগ থাকবে।
এনবিআরের ই-ট্যাক্স পোর্টালের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার, ডেবিট-ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট ও নগদসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করা যাবে। সঠিক তথ্য দিয়ে অনলাইনে রিটার্ন জমা দিলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদও পাওয়া যাবে।
এদিকে ২০২৬-২০২৭ করবর্ষ থেকে সময়মতো রিটার্ন দাখিলে নতুন প্রণোদনা ঘোষণা করেছে এনবিআর। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে নিট প্রদেয় করের ওপর সর্বোচ্চ ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় মিলবে। তবে সেপ্টেম্বরের পর এ সুবিধা পাওয়া যাবে না এবং ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।
ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় অফিস সময়ের মধ্যে এনবিআরের কল সেন্টার ও অন্যান্য অনলাইন মাধ্যমে সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি।























