
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে সাধারণ মানুষের জন্য সহজ, নিরবচ্ছিন্ন ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, গ্রামের মানুষ যেন চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে বাধ্য না হন; সরকারি হাসপাতালই তাদের প্রধান ভরসার জায়গা হতে হবে।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে স্বাস্থ্যখাতের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দায়িত্বে অবহেলা এবং রোগীদের কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ তুলে ধরা হলে, এ ধরনের ঘটনায় প্রয়োজনীয় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে চিকিৎসকদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণেও গুরুত্বারোপ করেন। তিনি জানান, জেলা পর্যায়ের বিদ্যমান ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টারগুলো পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নীত করা হবে। এছাড়া আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলায় ধাপে ধাপে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ জনবল ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও নকশা উপস্থাপন করেন গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি হাসপাতালের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















