
দিনভর কাজের চাপ, দীর্ঘ সময় বসে থাকা, অতিরিক্ত স্ক্রিন ব্যবহার ও মানসিক ক্লান্তির কারণে অনেকেরই রাতে সহজে ঘুম আসে না। বিশেষজ্ঞদের মতে, ঘুমের ওষুধ বা মোবাইল ব্যবহার না করে ঘুমানোর আগে মাত্র ৫ থেকে ১০ মিনিটের কিছু সহজ স্ট্রেচিং করলে দ্রুত ঘুম আসতে পারে এবং ঘুমের মানও উন্নত হতে পারে।
গবেষকদের মতে, হালকা স্ট্রেচিং শরীরের পেশির টান কমায়, নমনীয়তা বাড়ায় এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করে। গভীর শ্বাস-প্রশ্বাসের সঙ্গে এসব ব্যায়াম করলে শরীর বিশ্রামের জন্য প্রস্তুত হয় এবং সকালে ঘুম থেকে উঠে সতেজ অনুভূত হয়।
বিশেষজ্ঞরা ঘুমানোর আগে চাইল্ডস পোজ, নেক স্ট্রেচ, সিটেড ফরোয়ার্ড বেন্ড, ক্যাট-কাউ স্ট্রেচ, বাটারফ্লাই স্ট্রেচ, স্ট্যান্ডিং ফরোয়ার্ড ফোল্ড এবং লেগস আপ দ্য ওয়াল–এর মতো সহজ স্ট্রেচিং করার পরামর্শ দিয়েছেন। এসব ব্যায়াম ঘাড়, পিঠ, কোমর ও পায়ের পেশির চাপ কমানোর পাশাপাশি রক্তসঞ্চালন উন্নত করতে সহায়তা করে।
বিশেষ করে ‘লেগস আপ দ্য ওয়াল’ ভঙ্গিতে ৫ থেকে ১০ মিনিট থাকলে পায়ের ক্লান্তি কমে এবং শরীর দ্রুত আরাম অনুভব করে, যা ভালো ঘুমে সহায়ক হতে পারে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, স্ট্রেচিং করার সময় জোর করে শরীর বাঁকানো উচিত নয়। ধীরে ধীরে, স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বজায় রেখে ব্যায়াম করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। নিয়মিত এই অভ্যাস অনিদ্রা কমানোর পাশাপাশি মানসিক চাপ নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

























