
দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আওতায় বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং বিভিন্ন রোগ দ্রুত শনাক্তে কাজ করবেন।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান লেক পার্কে ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কর্মসূচি বাস্তবায়নের জন্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাদের ৮০ শতাংশই নারী। তারা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সার প্রাথমিকভাবে শনাক্তের বিষয়ে সচেতনতা ও প্রশিক্ষণ দেবেন, যাতে রোগগুলো শুরুতেই শনাক্ত করে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা যায়।
তিনি জানান, স্বাস্থ্যকর্মীদের কাছে বিশেষ স্বাস্থ্যসেবা কিট থাকবে। এর মাধ্যমে রক্তচাপ, ওজন, রক্তে শর্করা (ডায়াবেটিস), লিপিড প্রোফাইলসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের কোনো মানুষ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সরকার এ উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে তিনি পরিচ্ছন্ন পরিবেশ, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে তিনি দেশে সিজারিয়ান প্রসবের হার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জন্মের পর অনেক নবজাতককে মায়ের শালদুধ খাওয়ানো হচ্ছে না, যা শিশুদের অপুষ্টি ও সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এ বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা বাড়ানোরও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ সামানজার সাঈদ, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





















