
আগস্ট মাসে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য থাকছে টানা ছুটি উপভোগের সুযোগ। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মাত্র এক দিন নৈমিত্তিক ছুটি নিলেই মাসের দুই সময়ে চার দিনের দীর্ঘ অবকাশ পাওয়া যাবে।
প্রথম সুযোগটি আসছে ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটিকে কেন্দ্র করে। ৬ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে এরপর ৭ ও ৮ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানো সম্ভব হবে।
দ্বিতীয় সুযোগটি থাকবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে। চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) সাধারণ ছুটির পর ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ আবারও টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে।
শুধু সরকারি চাকরিজীবীরাই নন, যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও একইভাবে এই দীর্ঘ অবকাশের সুবিধা নিতে পারবেন।
উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছিলেন। এবারও আগস্ট মাসে পরিকল্পনা করে ছুটি নিলে দুই দফায় দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ মিলছে।

























