বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যেই নতুন আলোচনার জন্ম দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। আর্জেন্টিনা যদি ২০২৬ বিশ্বকাপের শিরোপা জেতে, তাহলে তিনি আবার বিয়ে করবেন—এমনই এক রহস্যময় ঘোষণা দিয়েছেন নিজের ফেসবুক পোস্টে।
বুধবার (১৫ জুলাই) গভীর রাতে পরীমণি লিখেছেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব, ফাইনাল।” পোস্টের সঙ্গে যোগ করা কয়েকটি ইমোজি বিষয়টিকে আরও রহস্যময় করে তোলে।
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়েই হাজার হাজার প্রতিক্রিয়া জমা হলেও পরীমণি মন্তব্য করার সুযোগ বন্ধ রাখায় ভক্তরা তার ঘোষণার ব্যাখ্যা জানতে পারেননি। ফলে এটি নিছক ফুটবল-উচ্ছ্বাস, নাকি ব্যক্তিগত জীবনের কোনো ইঙ্গিত—তা নিয়ে চলছে নানা আলোচনা।
পরীমণির ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় থেকেছে। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তার বিয়ে এবং পরবর্তী বিচ্ছেদের বিষয়টি ছিল বহুল আলোচিত। বর্তমানে তিনি সন্তানদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং অভিনয় ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন কাজ নিয়ে সক্রিয় রয়েছেন।
এদিকে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হওয়ার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। এর মধ্যেই পরীমণির এই পোস্ট সামাজিক মাধ্যমে নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছে। তবে তিনি এটি রসিকতা করে বলেছেন, নাকি সত্যিই কোনো পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন—সেটি এখনো স্পষ্ট নয়।
























