
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র নতুন পর্ব ধারণ করা হয়েছে নদীবেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরতে শতবর্ষী দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবাহী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মাণ করা হয় নান্দনিক মঞ্চ। অনুষ্ঠানটি আগামী ৩১ জুলাই, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।
অনুষ্ঠানকে ঘিরে লক্ষ্মীপুরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময়ের আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে হাজারো মানুষ উপস্থিত হন। দর্শকের ব্যাপক উপস্থিতিতে আশপাশের ভবনের ছাদ, রাস্তা ও খোলা জায়গাও ভরে ওঠে।
এবারের পর্বে থাকছে লক্ষ্মীপুরকে নিয়ে দুটি বিশেষ গান, জেলা পরিচিতিমূলক নৃত্যগীত, দর্শকপর্ব, কৌতুক ও সমসাময়িক বিভিন্ন নাট্যাংশ। এছাড়া এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী ও লক্ষ্মীপুরের কৃতী সন্তান নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকারও প্রচারিত হবে।
অনুষ্ঠানে লক্ষ্মীপুরের ইতিহাস, ঐতিহাসিক স্থাপনা, সয়াবিন চাষ, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, শিক্ষা উদ্যোগ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন নিয়ে একাধিক তথ্যভিত্তিক ও মানবিক প্রতিবেদন স্থান পেয়েছে। বিদেশি পর্বে থাকছে বিশ্বের অন্যতম দর্শনীয় উপকূলীয় সড়ক গ্রেট ওশান রোড-এর গল্প।
বরাবরের মতো অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।























